• ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জকিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রুসনা বেগমের পাশে Smilez, ঘরের সঙ্গে পেলেন সংসারের সব সামগ্রী

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২, ২০২৬
জকিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রুসনা বেগমের পাশে Smilez, ঘরের সঙ্গে পেলেন সংসারের সব সামগ্রী

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়া রুসনা বেগম ও ডালু মিয়ার পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি প্রতিষ্ঠান Smilez। শুধু ঘর নির্মাণ নয়, পরিবারটির নতুন করে জীবন শুরু করার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড়চোপড়, এক মাসের খাবার, সংসারের বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থও দেওয়া হয়েছে। আগের চেয়েও বড় ও সুন্দর ঘর পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারটির জীবনে। জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নওয়াগ্রাম পীরকোণায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালে Smilez-এর উদ্যোগে রুসনা বেগমের পরিবারকে একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছিল। কিন্তু এক বছরের মাথায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। একই ঘটনায় প্রতিবেশী আব্দুল কাদিরের ঘরও পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবার দুটি চরম ক্ষতির মুখে পড়ে।

ঘটনাটি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে সরকারি নিয়ম অনুযায়ী রুসনা বেগমের পরিবারকে এক বান টিন, নগদ ৩ হাজার টাকা ও শুকনো খাবার দেওয়া হয়। এ সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ছাড়া জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান এক বান টিন কেনার জন্য নগদ ৮ হাজার টাকা সহায়তা করেন। জকিগঞ্জ ইউনাইটেড অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। তবে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে এসব প্রাথমিক সহায়তা দিয়ে নতুন ঘর নির্মাণ করা সম্ভব হচ্ছিল না। এমন পরিস্থিতিতে রুসনা বেগমের পরিবারের জন্য নতুন করে ঘর নির্মাণের উদ্যোগ নেয় Smilez।

স্থানীয় ও প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে বিষয়টি প্রতিষ্ঠানটির নজরে এলে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে ঘর নির্মাণের পাশাপাশি আসবাবপত্র ও সংসারের প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার পরিকল্পনা করা হয়। এ উদ্যোগ বাস্তবায়নে যুক্তরাজ্যপ্রবাসী মুজিবুল ইসলাম তাপাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অবশেষে উদ্যোগটির সফল বাস্তবায়নের মাধ্যমে নতুন ঘর ফিরে পেয়েছে পরিবারটি। ঘরের পাশাপাশি প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড়চোপড়, এক মাসের খাবার, সংসারের বিভিন্ন সরঞ্জাম এবং নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়েছে। ফলে নতুন করে স্বাভাবিক জীবন শুরু করার ক্ষেত্রে পরিবারটি বড় ধরনের সহায়তা পেয়েছে।

স্থানীয়দের মতে, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো একটি পরিবারের পাশে দাঁড়িয়ে Smilez মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে আগুনে পুড়ে যাওয়া ঘরের পরিবর্তে আগের চেয়ে বড় ঘর নির্মাণ করে দেওয়া এবং সংসারের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করায় পরিবারটির দুর্দশা অনেকটাই লাঘব হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি প্রতিষ্ঠান Smilez দীর্ঘদিন ধরে জকিগঞ্জের আটগ্রাম অঞ্চলসহ পার্শ্ববর্তী কানাইঘাটের পাহাড়ি এলাকায় অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ ছাড়া পবিত্র রমজান ও ঈদুল আজহায় অসহায় মানুষের মধ্যে খাদ্য ও অন্যান্য সহায়তা প্রদান এবং বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তাসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এসব কার্যক্রম বাস্তবায়নে দেশে থেকে সিরাজুল ইসলাম তাপাদারসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা ভূমিকা পালন করছেন।

এদিকে একই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আব্দুল কাদিরের ঘরটি এখনো পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। রুসনা বেগমের মতো তিনিও আগুনে নিজের ঘর হারিয়ে চরম দুর্ভোগে রয়েছেন। তবে তাঁর পরিবারের জন্য এখনো পর্যাপ্ত সহযোগিতা নিশ্চিত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ অবস্থায় অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন মানবিক সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়েছে। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা পেলে পরিবারটিও নতুন করে ঘর নির্মাণ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা করছেন স্থানীয়রা।

মানবিক এ উদ্যোগের জন্য Smilez-এর দাতা, দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রাথমিক সহায়তায় এগিয়ে আসা উপজেলা প্রশাসন, শফিকুর রহমান, জকিগঞ্জ ইউনাইটেড অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সহযোগীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

০২ নভেম্বর ২০২৬

জকিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রুসনা বেগমের পাশে Smilez, ঘরের সঙ্গে পেলেন সংসারের সব সামগ্রী

বিস্তারিত কমেন্টে