• ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কানাইঘাটে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৬
কানাইঘাটে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে একটি ভারতীয় এয়ারগান, ওয়াকিটকি সেটসহ প্রায় ২১ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান চালায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল। সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সামগ্রীর সিজার মূল্য ১১ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় জৈন্তাপুর, সুরাইঘাট ও গুয়াবাড়ি বিওপির পৃথক আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৫টি ভারতীয় শাড়ি, ৬০০ কেজি জিরা, তিনটি মহিষ, একটি গরু, বিভিন্ন প্রকারের ২৮৮ পিস শ্যাম্পু, ৪০০ পিস পন্ডস ফেসওয়াশ এবং ৭০ কেজি চা-পাতা জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ২০ লাখ ৭২ হাজার টাকা। বিজিবি জানায়, পৃথক দুই অভিযানে জব্দ করা এয়ারগান, ওয়াকিটকি ও অন্যান্য চোরাচালানি পণ্যের সর্বমোট সিজার মূল্য ২০ লাখ ৮৩ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়েছে। জব্দ করা এয়ারগান কানাইঘাট থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

০৩ নভেম্বর ২০২৬

কানাইঘাটে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বিস্তারিত কমেন্টে