
স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ প্রায় ১৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীনস্থ সুরাইঘাট ও গুয়াবাড়ী বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৮০ কেজি ভারতীয় জিরা, ৩০টি বিভিন্ন প্রকারের শাড়ি, ১৪টি কম্বল ও ৮০ বিড়া পান জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজার মূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে, একই দিন সকাল ৭টা ২০ মিনিটে জকিগঞ্জ ব্যাটালিয়নের গুয়াবাড়ী বিওপির একটি টহলদল জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৬ বিড়া ভারতীয় পান জব্দ করা হয়। যার সিজার মূল্য ৩৮ হাজার ৪০০ টাকা। বিজিবি জানায়, কানাইঘাট ও জৈন্তাপুরে পরিচালিত পৃথক দুটি অভিযানে সর্বমোট ১৭ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।