
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর মেডিকেল রোডে অবস্থিত শাহজালাল হসপিটালকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ উঠছে। রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসকদের উপস্থিতি, নার্স ও অন্যান্য কর্মচারীদের আচরণ এবং হাসপাতালের পরিবেশ নিয়ে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটিতে প্রায়ই রোগীর মৃত্যুকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এমনকি মাসে ৫ থেকে ৭টি পর্যন্ত অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটে বলেও দাবি করছেন স্থানীয় কয়েকজন।
রোগী ও নিহতদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে জরুরি মুহূর্তে সময়মতো চিকিৎসক পাওয়া যায় না। নার্স, আয়া ও ওয়ার্ডবয়দের একাংশের আচরণও অত্যন্ত অসৌজন্যমূলক। চিকিৎসাসেবা নিতে এসে রোগীদের দুর্ভোগের শেষ থাকে না। অথচ বেসরকারি হাসপাতাল হিসেবে রোগীদের কাছ থেকে বিভিন্ন খাতে মোটা অঙ্কের বিল আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।
শুধু চিকিৎসাসেবার মান নিয়েই নয়, হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও উঠেছে প্রশ্ন। হাসপাতাল ভবনের পেছনে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আশপাশে এমন অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগজনক।
গত ৩০ অক্টোবর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিশু আয়শার মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালটির চিকিৎসাসেবা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শিশুটির মৃত্যু এবং চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না, তা নিয়ে স্বজনদের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি উঠেছে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে শাহজালাল হসপিটালের ম্যানেজারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। শিশু আয়শার মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, শিশুটি আইসিইউতে ভর্তি ছিল এবং আইসিইউর চিকিৎসাব্যবস্থা সম্পর্কে আগে বুঝতে হবে। আইসিইউতে থাকা অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেন। তবে এর আগে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালটিতে ভাঙচুরের ঘটনা এবং চিকিৎসাসেবা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে ম্যানেজার সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। বিভিন্ন সময়ে সিভিল সার্জন কার্যালয়ের অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে পরে ফোন দেওয়ার কথা বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন।
হাসপাতালটির বিরুদ্ধে ওঠা অভিযোগ ও বিভিন্ন সময়ে অভিযান পরিচালনার বিষয়ে সিলেটের সিভিল সার্জন ডা. মো: নাসির উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিভিন্ন সময়ে অনিয়ম বিষয়ে শাহজালাল হসপিটালে অভিযান পরিচালনা করা হয়েছে এবং জরিমানাও করা হয়েছে। বর্তমানে কেউ লিখিত অভিযোগ দিলে পুনরায় অভিযান পরিচালনা করা হবে।
প্রশ্ন উঠেছে, একের পর এক অভিযোগ, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এবং অস্বাস্থ্যকর পরিবেশের পরও হাসপাতালটির সার্বিক কার্যক্রম কতটা নিয়মিত তদারকির আওতায় রয়েছে? রোগীর মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়। প্রতিটি মৃত্যুর পেছনে চিকিৎসাগত কারণ, চিকিৎসার নথি, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের ভূমিকা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা যথাসময়ে দেওয়া হয়েছিল কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি।
সচেতন মহলের দাবি, শাহজালাল হসপিটালের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখতে স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন কার্যালয় ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত করতে হবে। হাসপাতালের লাইসেন্স, চিকিৎসকদের উপস্থিতি, আইসিইউ পরিচালনার সক্ষমতা, নার্স ও কর্মচারীদের দায়িত্ব পালন, রোগীদের বিল এবং বর্জ্য ব্যবস্থাপনাও পরীক্ষা করা প্রয়োজন। চিকিৎসাসেবা মানুষের জীবন রক্ষার জন্য, জীবন নিয়ে প্রশ্ন ও অনিশ্চয়তা তৈরির জন্য নয়।
অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষেরও উচিত প্রতিটি অভিযোগের স্বচ্ছ জবাব দেওয়া। এখন দেখার বিষয়, অভিযোগের এই পাহাড়ের পর স্বাস্থ্য বিভাগ কার্যকর তদন্তে নামে, নাকি রোগী ও স্বজনদের উদ্বেগ-অভিযোগ উপেক্ষিতই থেকে যায়।