• ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক প্রযুক্তিনির্ভর উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক প্রযুক্তিনির্ভর উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, দেশের সার্বিক অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করছেন। দক্ষ জনশক্তি তৈরি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ এখন সময়ের দাবি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগরীর রেজিস্ট্রারি মাঠে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, আইডিইবি সবসময় জনগণের কল্যাণ ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়।

তিনি বলেন, দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ প্রকৌশলী তৈরি করা গেলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।

পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন। ‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে রেজিস্ট্রারি মাঠ থেকে র‌্যালিটি বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি একই স্থানে ফিরে আসে।

আইডিইবি সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি প্রকৌশলী নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর ও প্রকৌশলী নজরুল হোসেন।

এ সময় বক্তব্য দেন আইডিইবি সিলেট জেলা শাখার সহসভাপতি প্রকৌশলী রুহুল আলম, সহসাধারণ সম্পাদক প্রকৌশলী ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়া, সদস্য প্রকৌশলী হাসানুজ্জামান চৌধুরী, প্রকৌশলী নাসির উদ্দিন, প্রকৌশলী আব্দুস সবুর, জেলা শাখার কাউন্সিলর প্রকৌশলী সালাউদ্দিন আহমদ, প্রকৌশলী মো. মেরাজুল ইসলাম, প্রকৌশলী আল মামুন আকন্দ, সিলেট পলিটেকনিকের শিক্ষক প্রকৌশলী মো. সালাহ উদ্দিন, প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকৌশলী হাবিবুর রহমান, ছাত্র প্রতিনিধি জোবায়ের হাসান ও হাফিজুর রহমান।

র‌্যালি ও সমাবেশে আইডিইবি জেলা নির্বাহী কমিটির সদস্য, সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১০ নভেম্বর ২০২৬

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক প্রযুক্তিনির্ভর উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

বিস্তারিত কমেন্টে