• ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

নিখোঁজের দুই মাসেও উদ্ধার হয়নি মীম : উদ্বেগ -উৎকন্ঠায় পরিবার

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
নিখোঁজের দুই মাসেও উদ্ধার হয়নি মীম : উদ্বেগ -উৎকন্ঠায় পরিবার

বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামে এক মাদরাসা ছাত্রীর সন্ধান মেলেনি। আদরের মেয়েকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে পরিবারের। মেয়েকে না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন স্বজনরা। নিখোঁজ মীম বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার খোঁয়াজ আলী মিয়ার মেয়ে। সে স্থানীয় দারুল হিকমাহ তালীমুল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সহপাঠীদের সঙ্গে মাদরাসায় যায় মীম। মাদরাসার ছুটি শেষে অন্য শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে ফিরে গেলেও মীম আর বাড়িতে ফেরেনি। দীর্ঘ সময় পার হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ১০ বছর বয়সী মাদরাসাছাত্রী মীম কোথায় আছে, কীভাবে নিখোঁজ হলো—এসব প্রশ্নের উত্তর এখনো অজানা পরিবারের কাছে। প্রতিটি দিন কাটছে মেয়েকে ফিরে পাওয়ার আশায়।

মেয়েকে ফিরে পাওয়ার আশা এখনো ছাড়তে পারেনি পরিবার। তবে দীর্ঘদিনেও কোনো সন্ধান না পাওয়ায় ভেঙে পড়েছেন স্বজনরা। পরিবারের আকুতি, “মীম জীবিত না হোক, অন্তত তার মরদেহটুকু যদি খুঁজে পেতাম! তাহলে অন্তত মনকে কিছুটা সান্ত্বনা দিতে পারতাম। মেয়েটি কোথায় আছে, কী অবস্থায় আছে—তা না জানার এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না।”

দুই মাস ধরে মেয়ের কোনো খোঁজ না পেয়ে এখন অনিশ্চয়তা আর বুকভরা কষ্ট নিয়েই দিন কাটছে পরিবারের। সন্তানের ফিরে আসার অপেক্ষায় প্রতিটি মুহূর্ত যেন তাদের কাছে দীর্ঘ হয়ে উঠেছে।

এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্রী ফাবিয়া তাবাসসুম মীমের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মীমকে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি । সন্ধান পেতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

১০ নভেম্বর ২০২৬

নিখোঁজের দুই মাসেও উদ্ধার হয়নি মীম : উদ্বেগ -উৎকন্ঠায় পরিবার

বিস্তারিত কমেন্টে