
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান (৪৩) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়নের উজান ইয়ারাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
আটক সাদিকুর রহমান একই উপজেলার জাতগাঁও গ্রামের মনির মিয়ার ছেলে। তিনি উজান ইয়ারাবাদ জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই কিশোরী একটি দোকানঘরের সামনে দিয়ে যাওয়ার সময় সাদিকুর রহমান তাকে জোরপূর্বক ধরে মুখ চেপে মসজিদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত ইমামকে আটক করেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভুক্তভোগী কিশোরীকে ঘটনার বর্ণনা দিতে দেখা যায়। অন্যদিকে, ভিডিওতে অভিযুক্ত ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি অপরাধ করেছি, আমাকে মাফ করে দেন। আমার বাবার কোনো কোটি টাকার সম্পদ নাই। মেয়ে গেছে, পরে আমি ধরছি, শেষ।’
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেলের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।