
এ কে আজাদ :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর মধ্যে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (নিহত) নামে এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে, একই এলাকার নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সোহান (২১) নামে এক কলেজছাত্র।
সোমবার (২৩ নভেম্বর) সকালে এবং গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) এলাকায় পৃথক এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলমের সঙ্গে তাঁর চাচাতো ভাই আমির হোসেনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে আমির হোসেনের মা আম্বিয়া বেগম আহত হন। মাকে আহত হতে দেখে ক্ষিপ্ত হয়ে আমির হোসেন ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাঁ পাশে আঘাত করেন।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
এদিকে, একই গ্রামের বাসিন্দা শাহজাহানের ছেলে সোহান (২১) গতকাল দিবাগত রাত ১টার দিকে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, রাতের খাবার শেষে সোহান নিজের কক্ষে ঘুমাতে যান। পরে রাত ১টার দিকে পরিবারের লোকজন ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাঁর আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
একই ইউনিয়নের কাছাকাছি এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে প্রকাশ্যে চাচাতো ভাইয়ের হাতে যুবক নিহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।