
আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা জনাব হাফিজ উদ্দিন আহমদের জকিগঞ্জ আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলার দীর্ঘদিনের সমস্যা, উন্নয়ন প্রত্যাশা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সভায় আলোচনায় উঠে আসে।
আজ সোমবার জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির এ সভায় স্পিকারের সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী সামীম,সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা,সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান,সুরমা নদীর আটগ্রাম-কাড়াবাল্লা এলাকায় সেতু নির্মাণ এবং জকিগঞ্জে আরও একটি হাসপাতাল প্রতিষ্ঠার বিষয় বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।এদিকে,উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির বিষয়টি তুলে ধরে অপরাধ দমনে পুলিশের তৎপরতা বাড়ানো,নিয়মিত নজরদারি এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার সীমাবদ্ধতার বিষয়টিও সভায় গুরুত্ব পায়। উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় চিকিৎসক,চিকিৎসাসামগ্রী ও পর্যাপ্ত চিকিৎসাসেবার অভাবে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে আলোচনা হয়। এ অবস্থার উন্নয়নে বিদ্যমান স্বাস্থ্যসেবার মান ও পরিধি বাড়ানোর পাশাপাশি জকিগঞ্জে আরও একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।অন্যদিকে,জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আটগ্রাম-কাড়াবাল্লা এলাকায় সুরমা নদীর ওপর সেতু নির্মাণের বিষয়টিও আলোচনায় স্থান পায়। সেতুটি নির্মিত হলে দুই উপজেলার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।মুক্তিযুদ্ধের ইতিহাসে জকিগঞ্জের ঐতিহাসিক ভূমিকার যথাযথ মূল্যায়ন এবং দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের বিষয়টিও স্পিকারের সফরকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, স্পিকারের এ সফরের মধ্য দিয়ে জকিগঞ্জের ঐতিহাসিক মর্যাদা ও দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলো সংশ্লিষ্ট মহলের দৃষ্টিগোচর হবে।সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জকিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন