
বদরুল ইসলাম চৌধুরী হাসানঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অনন্তপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিন (৬০), তাঁর স্ত্রী (৫০) এবং তাঁদের ছেলে ফরহাদ (৩৮)। একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে নুরুল আমিন তাঁর বাড়ির পাশে একটি টং দোকান মেরামতের কাজ করছিলেন। এ সময় তাঁর স্ত্রী ও ছেলে ফরহাদও কাজে সহযোগিতা করছিলেন। মেরামত করার একপর্যায়ে ছেলে ফরহাদ হঠাৎ বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে বাবা নুরুল আমিন দ্রুত এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে ফরহাদের মা-ও স্বামী ও সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে দ্রুত বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং নিহতদের আত্মীয় সাংবাদিক শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, এই মর্মান্তিক ঘটনার পর অনন্তপুর গ্রামসহ আশেপাশের এলাকায় স্তব্ধতা বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামীণ পরিবেশ। স্থানীয় বাসিন্দারা গ্রামীণ জনপদে বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন।