• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ২

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ৩১, ২০২৬
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ২

এ কে আজাদ :: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) ভোরে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুকের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. ফয়েজ উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার ১২নং সদর ইউনিয়নের গোয়াইনঘাট বাজার এলাকার তিতারাই খেয়াঘাটে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে একটি ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে ৬০টি বস্তায় রাখা মোট ১ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দ করা জিরার ব্র্যান্ডের নাম কে.এস. গোল্ড।

এ সময় নৌকা থেকে মো. অলিউর রহমান (২৮) ও সাকিল আহমেদ (২৫) নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়েই গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, জব্দ করা জিরা ও আটক দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

৩১ জুলাই ২০২৬

গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ২

বিস্তারিত কমেন্টে