
বিশেষ প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত জাফলংয়ের ডাউকি নদী তীরবর্তী কান্দুবস্তি বেরিবাঁধ এলাকায় অবৈধভাবে সেভ মেশিন বসিয়ে পাথর ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে এ কার্যক্রমকে কেন্দ্র করে চাঁদা দাবি এবং চাঁদা না দেওয়ায় শ্রমিকদের ওপর হামলার অভিযোগও করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাফলংয়ের সংবেদনশীল নদী তীরবর্তী এলাকায় সেভ মেশিন ব্যবহার করে বালু ও পাথর উত্তোলন চলছে। এলাকাবাসীর অভিযোগ, এ কার্যক্রমকে কেন্দ্র করে কান্দুবস্তি গ্রামের এক ব্যক্তি বিভিন্ন সেভ মেশিন থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছেন। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকদিন আগে নদী তীরবর্তী এলাকা থেকে সেভ মেশিনের মাধ্যমে বালু ও পাথর উত্তোলনের সময় সংশ্লিষ্টদের কাছে চাঁদা দাবি করা হয়। তবে শ্রমিকরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে ওই ব্যক্তি তার সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের ওপর হামলা চালান। এতে কয়েকজন শ্রমিক ও স্থানীয় বাসিন্দা আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। স্থানীয়দের ভাষ্য, ইসিএভুক্ত এলাকায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে সেভ মেশিন ব্যবহার করে বালু ও পাথর উত্তোলনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি চাঁদাবাজি ও হামলার অভিযোগে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।
এলাকাবাসী অবৈধ বালু-পাথর উত্তোলন, পরিবেশ ধ্বংস এবং চাঁদাবাজির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা পরিবেশ রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।