
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি মুদি দোকান থেকে ইয়াবা ও গাঁজাসহ নাজিম উদ্দিন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে কানাইঘাট পৌরসভার উত্তর বাজারে পূবালী ব্যাংক সংলগ্ন নাজিম উদ্দিনের মুদি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার নাজিম উদ্দিন কানাইঘাট উপজেলার বড়চতুল (খলাগ্রাম) এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় নাজিম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।