
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে রাস্তায় হাঁটানোর ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে শাহপরান থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
আটককৃতরা হলেন—শাহজালাল উপশহর এলাকার সি ব্লকের ৪৪ নম্বর রোডের ৫১ নম্বর বাসার মৃত জালাল উদ্দিনের দুই ছেলে মো. জাকির হোসেন (৪৩) ও মো. মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার ৫৪ নম্বর বাসার মো. মজিবুর রহমানের ছেলে মো. বুরহান উদ্দিন (৪৫)। পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত ও আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এর আগে ‘সিলেটে কিশোরীকে আটকে শিকল বেঁধে সড়কে ঘোরাল কারা?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে উঠে আসে, সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে স্থানীয় কয়েকজন ব্যক্তি আটক করেন। তার বিরুদ্ধে স্থানীয় একটি দোকানের ক্যাশ বাক্স চুরির চেষ্টার অভিযোগ করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরে ওই কিশোরীকে শাহপরান (রহ.) থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে তাকে আটকের পর স্থানীয়রা থানায় কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানা গেছে। মঙ্গলবার ঘটনাটির একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক কিশোরীর কোমরে শিকল বাঁধা অবস্থায় তাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তাকে কান্নারত অবস্থায় দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত প্রায় ১১টার দিকে শাহজালাল উপশহরের ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার সড়কে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যার দিকে মসজিদ মার্কেট এলাকার একটি দোকানে ক্যাশ বাক্স চুরির চেষ্টার অভিযোগে ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন ওই কিশোরীকে আটক করেন।
অভিযোগ রয়েছে, আটকের পর তাকে মারধর করা হয় এবং পরে কোমরে শিকল বেঁধে জনসমক্ষে রাস্তা দিয়ে হাঁটানো হয়। ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।