• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

তহিরুন্নেছা চৌধুরী একাডেমিতে ৯টি কম্পিউটার প্রদান প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়ে যাবে শিক্ষার্থীরা

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৬
তহিরুন্নেছা চৌধুরী একাডেমিতে ৯টি কম্পিউটার প্রদান প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়ে যাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক বিয়ানীবাজার : শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে তহিরুন্নেছা চৌধুরী একাডেমিতে ৯টি কম্পিউটার প্রদান করেছে আইয়ুব সুফিয়া ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক জনাব সুমন আহমদ চৌধুরীর অর্থায়নে এসব কম্পিউটার প্রদান করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কম্পিউটারগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে আইয়ুব সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সুহেল আহমদ চৌধুরী। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল আহাদ চৌধুরী ও জুমাইন চৌধুরী হিমেল। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলমগীর আহমদ। প্রধান শিক্ষক ইউসুফ আলী ও সহকারী শিক্ষক আরজু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির জ্ঞান শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে কম্পিউটার সংযোজনের ফলে শিক্ষার্থীরা হাতে-কলমে প্রযুক্তি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা সময়ের দাবি। ৯টি কম্পিউটার প্রদানের উদ্যোগের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

এ সময় আইয়ুব সুফিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, লন্ডনপ্রবাসী ও শিক্ষানুরাগী ব্যারিস্টার আবুল কালাম চৌধুরীর শিক্ষা ও বিদ্যালয়ের উন্নয়নে দীর্ঘদিনের ভূমিকার কথা উল্লেখ করা হয়। অনুষ্ঠানে আলহাজ্ব সুহেল আহমদ চৌধুরীর সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডেরও প্রশংসা করা হয়। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকরা বলেন, শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য যোগ্য ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আইয়ুব সুফিয়া ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সুমন আহমদ চৌধুরী এবং প্রধান অতিথি সুহেল আহমদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৬ সেপ্টেম্বর ২০২৬

তহিরুন্নেছা চৌধুরী একাডেমিতে ৯টি কম্পিউটার প্রদান প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়ে যাবে শিক্ষার্থীরা

বিস্তারিত কমেন্টে