
ছাতক প্রতিনিধি: মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, চোরাই পণ্য উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
সম্প্রতি সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে তিনি শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক গ্রহণ করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ছাতক থানায় দায়িত্ব পালনকালে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, চোরাই পণ্য উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার পুলিশ সদস্যদের নিয়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন ওসি মিজানুর রহমান।
পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তার ভূমিকার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ছাতক থানার ওসি হিসেবে মিজানুর রহমানের এ অর্জনে স্থানীয়ভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক ও সচেতন মহল তার এ অর্জনকে স্বাগত জানিয়েছেন।
সচেতন মহল মনে করছেন যে,ওসি মিজানুর রহমানের এ সম্মাননা প্রাপ্তিতে ছাতক থানার পুলিশ সদস্যদের মধ্যে অপরাধ দমনে ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও উৎসাহিত করবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও জোরদার হবে।