
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সড়কে থাকা গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক আহমদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গরুটিও মারা গেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিক আহমদ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব সুজাউল গ্রামের কাইতাবন্দ এলাকার কাতারপ্রবাসী আব্দুল বাছিতের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সাদিক আহমদ মোটরসাইকেলযোগে তালিমপুর গ্রামে তার বোনের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তালিমপুর এলাকায় সড়কের ওপর থাকা একটি গরুর সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় গরুটিও মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধার করে।