
ইব্রাহীম আহমদ উজ্জল: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারের নাজিরগাঁও রাস্তার মোড়ে নোয়া গাড়ির চাপায় মো. সাব্বির আহমদ (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সিলেটের একটি বেসরকারি ক্লিনিকের আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতের বড় ভাই মো. কাউছার আহমদ দক্ষিণ সুরমা থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, ঢাকা থেকে সিলেটগামী ঢাকা মেট্রো-চ-১৯-৭৬৪৪ নম্বরের একটি রুপালি রঙের নোয়া গাড়ি বেপরোয়া গতিতে আসছিল। অভিযোগে বলা হয়, চালক দীর্ঘপথ পাড়ি দিয়ে ক্লান্ত ও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উঠে গিয়ে সিএনজি চালকদের সংকেত দিচ্ছিলেন এমন অবস্থায় সাব্বিরকে চাপা দেয়। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা আহত সাব্বিরকে উদ্ধার করে প্রথমে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে নূরজাহান প্রাইভেট ক্লিনিকের আইসিইউতে ভর্তি করা হয়। এ ঘটনায় গাড়ি ও চালককে শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আহতের পরিবার। পুলিশের তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং চালকের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিশ্চিত হবে।