• ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

হুমায়ুন রশীদ চত্বরে ম্যানেজারকে জিম্মি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬
হুমায়ুন রশীদ চত্বরে ম্যানেজারকে জিম্মি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা

মিজানুর রহমান: সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে জিম্মি করে মারধর এবং তার সঙ্গে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে কথিত ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত ওই ম্যানেজারকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরের হুমায়ুন রশীদ চত্বরের রেলিংয়ের পাশে এ ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নগরের গোটাটিকর এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ‘লিংকন এন্টারপ্রাইজ’ থেকে ১ লাখ ১০ হাজার টাকা কদমতলী পূবালী ব্যাংকে জমা দেওয়ার জন্য প্রতিষ্ঠানের ম্যানেজারকে পাঠানো হয়। টাকা নিয়ে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।

অভিযোগ করা হয়েছে, ওই সিএনজিতে আগে থেকেই একটি অপরাধী চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছিলেন। ম্যানেজার সিএনজিতে ওঠার পর তারা তাকে জিম্মি করে হুমায়ুন রশীদ চত্বরের দিকে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে মারধর করা হয় এবং তার কাছে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

একপর্যায়ে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ম্যানেজারকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনাস্থল জনবহুল এলাকা হওয়ায় আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দিনের বেলায় নগরের গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকায় এমন অভিযোগের ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

একই সঙ্গে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ব্যাংকে টাকা বহনের ক্ষেত্রে ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও উঠেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

২৮ সেপ্টেম্বর ২০২৬

হুমায়ুন রশীদ চত্বরে ম্যানেজারকে জিম্মি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা

বিস্তারিত কমেন্টে