• ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক!

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক!

এ কে আজাদ : সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট, দমদমিয়া ও ডিবিরহাওর বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় ভারত থেকে অবৈধভাবে পাচার করে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, গরু, কম্বল, বডি লোশন, বাসমতি চাল, মদ, শুঁটকি মাছ, চকলেট, সুপারি ও চিনি। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনার অংশ হিসেবেই এসব পণ্য জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পণ্য পাচার যাতে না হতে পারে, সে জন্য বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দ করা পণ্যগুলো বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

০৪ অক্টোবর ২০২৬

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক!

বিস্তারিত কমেন্টে