
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিলে ধর্মীয় বক্তা এনায়েত উল্লাহ আব্বাসী সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্য এবং নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যা ও দোয়ারাবাজারের সাংবাদিক আব্দুল মোতালিব ভঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদ (সিসকপ) আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি সাংবাদিক সুনির্মল সেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য, সাংবাদিকদের ওপর হামলা এবং সাংবাদিক হত্যার প্রতিবাদ জানানো ও এসব ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হয়রানি বন্ধ করা এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও মানববন্ধনে তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে। সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদ (সিসকপ) আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।