
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিধান দত্তের বিরুদ্ধে জমি দখল এবং হুমকি-ধামকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের চক রনচাপ গ্রামের বাসিন্দা রাশেদ খান নামে এক ব্যক্তি।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে পৌর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাশেদ খান অভিযোগ করে জানান, তাদের গ্রামের মাঝখানে হিন্দু সম্প্রদায়ের একটি বটগাছ ও পূজাস্থল রয়েছে। অতীতে সেখানে যাতায়াতের জন্য কোনো নির্দিষ্ট রাস্তা ছিলো না। স্থানীয়রা ক্ষেতের জমি ব্যবহার করে পূজা-অর্চনায় যেতেন। গত ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইউপি সদস্য বিধান দত্ত পূজাস্থলে যাতায়াতের সুবিধার্থে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। এ সময় তিনি তাদের পারিবারিক মৌরসী সম্পত্তি থেকে দুই হাত জমি রাস্তার জন্য ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। বিনিময়ে দুই শতক জমি দলিল করে দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দেন এবং বিষয়টি গোপন রাখার অনুরোধ করেন। এলাকার শান্তিশৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতির কথা বিবেচনা করে তারা জমি ছেড়ে দেন।
রাশেদ খানের দাবি, প্রায় তিন বছর পার হলেও প্রতিশ্রুত জমি বুঝিয়ে দেওয়া হয়নি। একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান না পেয়ে সম্প্রতি তিনি রাস্তার জন্য দেওয়া জমির অংশ চাষাবাদের উপযোগী করেন। এ নিয়ে ইউপি সদস্যের লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে রাশেদ জানান, গত ১৬ জুন তিনি কুলাউড়া থানায় বিধান দত্তসহ ১০ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য বিধান দত্ত।
তিনি বলেন, এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি এবং সেখানে কালাচাঁদ নামে একটি প্রাচীন দেবালয় রয়েছে। দেবালয়ে যাতায়াতের সুবিধার্থে স্থানীয় অনেক পরিবার স্বেচ্ছায় জমি দিয়েছেন, রাশেদের পরিবারও তাদের মধ্যে একটি। সনাতন ধর্মাবলম্বীসহ স্থানীয় জনগণের স্বার্থে তিনি রাস্তা নির্মাণে সহযোগিতা করেছেন।
বিধান দত্ত আরও বলেন, সম্প্রতি রাস্তা কেটে দেওয়ার কারণে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণে ভোগান্তি সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও রাশেদ পক্ষ তাতে রাজি হয়নি। তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে আওয়ামী লীগের দোসর আখ্যা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। রাশেদকে হুমকি দেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন।
উল্লেখ্য, গত ১৫ জুন হাজীপুর ইউনিয়নের চক রনচাপ এলাকায় কালাচাঁদ দেবালয়ের রাস্তা কেটে দেওয়ার প্রতিবাদে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধন করেন। এ সময় তারা রাস্তা উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাশেদের ফুফা আব্দুল বশির, সৈয়দ মঈন উদ্দিন, ফুফাতো ভাই আব্দুল্লাহ মাছুমসহ স্থানীয় কয়েকজন।