
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারে সাউথ বালিশিরা কেজি স্কুলে অনুষ্ঠিত হয় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চশমা বিতরণ কার্যক্রম। সোমবার (২৭ জুলাই) ২০২৬, স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের উদ্যোগে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল (মাতারকাপন) এর সহযোগিতায় সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত চলে এই কার্যক্রম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আশেপাশের গ্রাম সহ দূরদূরান্ত থেকে অনেক রোগী আসেন সেবা নিতে। কয়েকজনের সাথে কথা বললে তারা জানান এই ধরনের কার্যক্রমে তারা বেশ খুশি। কারণ অনেক গরিব মানুষ আছে যাদের টাকা দিয়ে চোখের ছানি অপারেশন করার মতো সামর্থ্য নাই। ধুঁকে ধুঁকে একসময় অন্ধত্ব বরণ করতে হচ্ছে। ফ্রীতে এই সেবা পেয়ে তারা সন্তুষ্ট। আগামীতে যেনো এই ধারা অব্যাহত থাকে সেই দাবি এবং আয়োজক সহ সেবাদাতাদের ধন্যবাদ জানান। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- পল্লী চিকিৎসক স্বপন কুমার প্রধান, কনটেন্ট ক্রিয়েটর আবুল কালাম আজাদ, পল্লী চিকিৎসক আলমগীর হোসেন ও মাওলানা ছালাহ উদ্দিন আহমেদ প্রমুখ।
সাউথ বালিশিরা কেজি স্কুলের প্রধান শিক্ষক জনাব জসিম উদ্দিন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে মোট ২২০ জন রোগী রেজিষ্ট্রেশন করেছেন, তার মধ্যে ১৪৫ জনকে চশমা দেওয়া হয়েছে এবং ২৫ জন রোগীর চোখে ছানি সনাক্ত করা হয়েছে। ছানি পড়া রোগীদেরকে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপারেশন শেষে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। পরিশেষে তিনি হাসপাতাল কতৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানান।
শ্রীমঙ্গল উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা: একরামুল কবির বলেন, এখানে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং সেচ্ছাসেবীরা পরিশ্রম করছে। প্রতি বছর সাউথ বালিশিরা কেজি স্কুলে চক্ষু শিবির ক্যাম্প করা হয় এবারও করা হয়েছে এবং আগামীতেও করা হবে। সকলের মঙ্গল কামনা করি।