• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কমলগঞ্জে চা শ্রমিকদের গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ২, ২০২৬
কমলগঞ্জে চা শ্রমিকদের গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জাতীয় সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা অবিলম্বে কার্যকর, শ্রম অধিদপ্তরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে মিরতিংগা চা বাগানে গণবিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকদের আয়োজনে এ কর্মস‚চি পালিত হয়।

মিরতিংগা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিকের সভাপতিত্বে ও ইমরান নাজিরের পরিচালনায় বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা জনক লাল দেশোয়ারা (জনি), শমশেরনগর চা বাগানের ছাত্রনেতা গোপাল যাদব, জগদীশ বাউরী, দেওরাছড়া চা বাগানের ছাত্রনেতা অনুরাগ কর্মকার রাজু, গিয়াসনগর চা বাগানের ছাত্রনেতা মুমিন আহমেদ এবং চা-ছাত্র যুব পরিষদ মনু-ধলই ভ্যালীর যুগ্ম আহবায়ক ও মিরতিংগা চা বাগানের শ্রমিক সন্তান মানিক প্রসাদ পাল।

বক্তারা বলেন, জাতীয় সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি শ্রম অধিদপ্তরের অযাচিত ও অবৈধ হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে তা চা শিল্পের জন্যও ক্ষতিকর হবে। সমাবেশে বিভিন্ন চা বাগানের শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

০২ আগস্ট ২০২৬

কমলগঞ্জে চা শ্রমিকদের গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে

বিস্তারিত কমেন্টে