
সিলেট শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে নগরীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্লুবার্ড হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাদিমুল হক মাহদী। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে সে এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। মাহদী মোট ১ হাজার ২৫০ নম্বরের পরীক্ষায় ১ হাজার ১৯৮ নম্বর পেয়েছে। তার এ ফলাফল তাকে বোর্ডে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অন্যতম স্থানে নিয়ে এসেছে।
নাদিমুল হক মাহদী চাকরিজীবী, সামাজিক, রাজনৈতিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোহাম্মদ নুরুল হক এবং গৃহিণী মোছা. রোমেনা আক্তারের দুই সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। তার ছোট বোন লাবিবা হক নুরীও একই শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। মাহদীর গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পীরপুর (মোকামবাড়ী) এলাকায়। বর্তমানে তারা সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের আলফালাহ ১/এ, কারীপাড়া, আখালিয়া এলাকায় বসবাস করছেন।
পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত ছিল মাহদী। চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও বিভিন্ন বিষয়ভিত্তিক অলিম্পিয়াডে অংশ নিয়ে সে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদ অর্জন করেছে। এছাড়া বিভিন্ন সময়ে শ্রেণিভিত্তিক ও বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে প্রথম গ্রেড ও ট্যালেন্টপুল বৃত্তিও লাভ করেছে।
নিজের এ সাফল্যের পেছনে মহান আল্লাহর অশেষ রহমতের পাশাপাশি কঠোর পরিশ্রমকে গুরুত্ব দিয়েছে মাহদী। সে তার বিদ্যালয়ের শিক্ষক, প্রাইভেট টিউটর, মা-বাবা, দাদী-নানা, পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের আন্তরিক দোয়া ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ভবিষ্যতে কী হতে চায়—এমন প্রশ্নের জবাবে মাহদী জানায়, “আগে প্রচুর পরিশ্রম করে এইচএসসিতে ভালো ফলাফল করতে চাই। এরপর কিছু একটা করে ভবিষ্যৎ পরিকল্পনার সঠিক জবাব দেব, ইনশাআল্লাহ। আমি সর্বাবস্থায় মহান আল্লাহর সহায়তা প্রত্যাশা করি। জীবনের সার্বিক সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করি।” মাহদীর এই সাফল্যে তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন।