
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ২০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শাল্লা থানা পুলিশ। সোমবার (১৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়নের ৬ নং দৌলতপুর ওয়ার্ডের অটোস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাল্লা থানায় কর্মরত এসআই ইমাম আরেফিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ পান, দৌলতপুর অটোস্ট্যান্ডের মোড়ে হেলালের দোকানের সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দৌলতপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. হেলাল মিয়া (৪৪), আটগাঁও (বড়হাটি) গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে মো. তোফাজ্জল হোসেন (৪৬) এবং উজানগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে মো. খিজির মিয়া (৩৬)। তারা সবাই ১ নং আটগাঁও ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় শাল্লা থানায় এফআইআর নং-৬, তারিখ ১৭ আগস্ট ২০২৬, জিআর নং-৮৩, তারিখ ১৭ আগস্ট ২০২৬ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই শওকত আলী বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদককে জিরো টলারেন্সে এনে ছাড়ব।