• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বালু লুটে জিরো টলারেন্স: গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন গ্রেপ্তার ও ৫ লাখ টাকা জরিমানা!

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৬
বালু লুটে জিরো টলারেন্স: গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন গ্রেপ্তার ও ৫ লাখ টাকা জরিমানা!

এ কে আজাদ ,স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসনের নেতৃত্বাধীন টাস্কফোর্স। এ সময় ১০ জনকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি অবৈধ ড্রেজার মেশিন ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার পরগনা, পরগনা বাজার, লাঠিগ্রাম, বেড়াবিল, উত্তর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর ও লুনী এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের সদস্যরা অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১০ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোট পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া অপর ১৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি অবৈধ ড্রেজার মেশিন, যার মধ্যে বোমা মেশিন ও লোকাল ড্রেজার রয়েছে, ঘটনাস্থলেই পুড়িয়ে ও ভেঙে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানার এসআই গোলাম ফাত্তাহর নেতৃত্বে পুলিশ সদস্যরা এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ, নদী ও সরকারি সম্পদের ক্ষতি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। পরিবেশ সুরক্ষা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১২ সেপ্টেম্বর ২০২৬

বালু লুটে জিরো টলারেন্স: গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন গ্রেপ্তার ও ৫ লাখ টাকা জরিমানা!

বিস্তারিত কমেন্টে