
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী কার্যক্রম।
বুধবার সন্ধ্যা ৭টায় জিবি টেলিভিশনের হলরুমে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের উদ্যোগে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলওয়ার হোসেন দিলু।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই, ২০ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ এবং ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
আগামী ৩ অক্টোবর শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন বিকেল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ায় সাংবাদিকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বলেন, সবার সহযোগিতা, দোয়া ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় নির্বাচন কমিশনের সদস্য আব্দুল আহাদ, আনোয়ার শাহজাহান, শহিদুর রহমান সুহেদ ও আবুল কালামসহ গোলাপগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তফসিল ঘোষণার মধ্য দিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় এখন মনোনয়নপত্র সংগ্রহ ও প্রার্থিতা নিয়ে সাংবাদিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা-উত্তেজনা। সংশ্লিষ্টরা আশা করছেন, ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে এবারের নির্বাচন একটি উৎসবমুখর মিলনমেলায় পরিণত হবে।