• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

স্থানীয় নির্বাচনে ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের প্রার্থী করার আহ্বান

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬
স্থানীয় নির্বাচনে ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের প্রার্থী করার আহ্বান

স্থানীয় নির্বাচনে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে ত্যাগী, যোগ্য ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নেতাদের প্রার্থী করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড না করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভায় নেতারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ।

প্রধান অতিথির বক্তব্যে জিকে গউছ বলেন, “আমাদের প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন, সাধারণ মানুষ বলছে—এরকমই রাষ্ট্রনায়ক আমাদের প্রয়োজন। ৫ আগস্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কোনো ব্যক্তির দায় দল নেবে না। দলের কোনো ব্যক্তি দলের চোখ এড়িয়ে যেতে পারবেন না। যিনি দলের সিদ্ধান্ত মানবেন না, তিনি দলের পরিচয় বহন করার যোগ্যতা রাখবেন না।” তিনি আরও বলেন, যেকোনো নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে যেকোনো অপশক্তির মোকাবিলা করার কথাও বলেন তিনি।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও এমপি আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী রাখতে হবে। তৃণমূলের নেতা-কর্মীদের ভোটে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংগঠনের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। স্থানীয় নির্বাচনে মতপার্থক্য ভুলে যোগ্যদের এগিয়ে দিতে নেতা-কর্মীদের ত্যাগ স্বীকারের আহ্বান জানান তিনি।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও এমপি তাহসিনা রুশদির লুনা বলেন, দল সরকারে রয়েছে—এ বিষয়টি বিবেচনায় নিয়ে সংগঠনকে আরও সুদৃঢ় করতে হবে। ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে—এমন নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। ইচ্ছাকৃতভাবে কাউকে অবমূল্যায়ন করা হবে না।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক এমপি বলেন, যারা ১৭ বছর বিএনপির আন্দোলনে ছিলেন, তারাও জুলাই যোদ্ধা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনে দলের প্রকৃত নেতা-কর্মীদের বাছাই করা হবে, যাতে তারা নির্বাচনে বিজয়ী হতে পারেন।

বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, তৃণমূল থেকে নেতৃত্ব বাছাই করা হবে। যারা চরিত্র হারাননি, তাদের নির্বাচিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। সংগঠনকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, স্থানীয় নির্বাচনে প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে সবদিক বিবেচনায় নিয়ে যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা হবে। প্রার্থীর সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করে মেলবন্ধনের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে। এ ক্ষেত্রে সিলেট জেলা বিএনপি মুখ্য ভূমিকা পালন করবে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির সঞ্চালনায় সভায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, প্রচার সম্পাদক লোকমান আহমদসহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতারা বক্তব্য দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান আহমদ মুরাদ, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ, যুবদলের সভাপতি এড. মোমিনুল ইসলাম মোমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহিলা দলের সভানেত্রী তাসনিম শারমিন তামান্না, তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. ওবায়দুর রহমান ফাহমী এবং জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান বক্তব্য দেন।

১৭ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় নির্বাচনে ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের প্রার্থী করার আহ্বান

বিস্তারিত কমেন্টে