
বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় মাধব গাঙ্গের ছড়ায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগের পর এবার উপজেলার বিভিন্ন এলাকায় সতর্কতামূলক মাইকিং করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে খাল, ছড়া ও বিলে বিষ প্রয়োগ করে মাছ শিকার থেকে বিরত থাকতে স্থানীয়দের সতর্ক করা হয়।
মাইকিংয়ে জানানো হয়, বড়লেখা উপজেলার বিভিন্ন ছড়া ও খালে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ বিষ প্রয়োগ করে মাছ শিকার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
এর আগে মাধব গাঙ্গের ছড়ায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, ছড়াটিতে বছরে দুই থেকে তিনবার বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগ রয়েছে।
এর আগে স্থানীয় ১২ জন বাসিন্দা বিষয়টির প্রতিকার ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেন। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ৯ সেপ্টেম্বর মাধব গাঙ্গের ছড়ায় ক্ষতিকর কীটনাশকজাতীয় রাসায়নিক প্রয়োগের পর বিভিন্ন প্রজাতির মাছ, পোনা, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণী মারা যায়।
মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল জানিয়েছিলেন, উপজেলার বিভিন্ন ছড়া ও জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকার বন্ধে সচেতনতা তৈরির জন্য মাইকিং করা হবে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এ সতর্কতামূলক প্রচারের মাধ্যমে বড়লেখার ছড়া, খাল ও জলাশয়ের মৎস্যসম্পদ এবং জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।