• ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

উজ্জ্বল কুমার কে প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের স্লোগানে উত্তপ্ত সরকারি এমসি একাডেমি

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬
উজ্জ্বল কুমার কে প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের স্লোগানে উত্তপ্ত সরকারি এমসি একাডেমি

গোলাপগঞ্জ প্রতিনিধি : তেল চুরির অভিযোগকে কেন্দ্র করে সিলেটের গোলাপগঞ্জ সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমি মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক উজ্জ্বল কুমারকে প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিষ্ঠানটির ক্যাম্পাস। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। একপর্যায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রত্যাহারের দাবিকে ঘিরে প্রতিষ্ঠানের ভেতরে-বাইরেও ব্যাপক আলোচনা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভে অংশ নেওয়া প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অভিযোগ, সহকারী শিক্ষক উজ্জ্বল কুমারের বিরুদ্ধে তেল চুরিসহ প্রশ্ন ফাঁস, নারী সংক্রান্ত অনিয়ম এবং ধর্ম নিয়ে কটূক্তির মতো অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক উজ্জ্বল কুমারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, একটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরও কেন উজ্জ্বল কুমারকে প্রত্যাহার করা হচ্ছে না।

প্রাক্তন শিক্ষার্থী আবুল মনসুর চৌধুরী বলেন, “অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরেও কেন এত বিড়ম্বনা হচ্ছে, তা আমরা বুঝতে পারছি না। আজ তদন্ত কমিটি তদন্তে এসেছে। আমাদের একটাই দাবি—আমাদের প্রাণের বিদ্যালয় থেকে উজ্জ্বল কুমারকে প্রত্যাহার করা।”

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর প্রাক্তন শিক্ষার্থীদের একটি অংশও এতে সরব হন। তারা প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখতে অভিযুক্ত উজ্জ্বল কুমারের প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো ধরনের বিভ্রান্তি বা উত্তেজনা তৈরি না হয়, সেদিকেও কর্তৃপক্ষকে নজর দেওয়ার আহ্বান জানান তারা।

এ ঘটনায় প্রতিষ্ঠানের প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে মিছিল-মিটিং ও আন্দোলন করা হলেও এখনো কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে একদিকে প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় থাকবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যেও আস্থা তৈরি হবে।

এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে সরকারি এমসি একাডেমির ক্যাম্পাসের ভেতরে ও বাইরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি যাতে আরও জটিল আকার ধারণ না করে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা।

এ বিষয়ে সরকারি এমসি একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভানুজ কান্তি বলেন, উজ্জ্বল কুমারে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। বিষয়টি তদন্তের জন্য ইতোমধ্যে তদন্ত কমিটি কাজ করছে। তদন্তে যে তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তার ভিত্তিতেই পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে তদন্তে আসা তদন্ত কর্মকর্তা বলেন আমরা সবকিছু তদন্ত করে এবিষয়ে মন্ত্রণালয়ে জানাব পরবর্তীতে মন্ত্রণালয় ব্যবস্তা গ্রহণ করবে।

 

২৮ সেপ্টেম্বর ২০২৬

উজ্জ্বল কুমার কে প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের স্লোগানে উত্তপ্ত সরকারি এমসি একাডেমি

বিস্তারিত কমেন্টে