• ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

চাঁদা না দেওয়ায় বালু উত্তোলনে বাধা, ১৫ দিনে ৩০ লাখ টাকার ক্ষতির দাবি ইজারাদারের

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬
চাঁদা না দেওয়ায় বালু উত্তোলনে বাধা, ১৫ দিনে ৩০ লাখ টাকার ক্ষতির দাবি ইজারাদারের

সাহেদুর রহমান:সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীর পানি কমে যাওয়ায় একদিকে বালু উত্তোলন করা যাচ্ছেনা, অন্যদিকে সিলেটের বড়গাং নদীর বালুমহালে নৌকা প্রতি ১ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় বারকি শ্রমিকদের নদী থেকে বালু উত্তোলনে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন বালুমহালের ইজারাদার মো. সিদ্দিক মিয়া।
‎
‎এ ঘটনায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে মো. ফয়জুল ইসলাম (৪৮), দিলদার হোসেন (৩৮), রুহুল আমিন (৪০)সহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
‎

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি নিয়মনীতি অনুসরণ করে বৈধ ট্রেন্ডারের মাধ্যমে বড়গাং নদীর বালুমহাল ইজারা নিয়েছেন মো. সিদ্দিক মিয়া। ইজারামূল্য পরিশোধ করে ১৪৩৩ বাংলা সনের রাজস্ব আদায় কার্যক্রম পরিচালনা করছেন তিনি।
‎

অভিযোগে বলা হয়, সম্প্রতি অভিযুক্তরা পেশিশক্তির মাধ্যমে বালু উত্তোলন ও রাজস্ব আদায়ের কাজে বাধা দিয়ে নৌকা প্রতি ১ হাজার টাকা করে চাঁদা দাবি করছেন। গত ১২ সেপ্টেম্বর থেকে চাঁদা না দেওয়ায় বড়গাং নদীর বালুমহাল থেকে শ্রমিকদের বালু উত্তোলন করতে দেওয়া হচ্ছে না।
‎

অভিযোগকারী আরও দাবি করেন, গত ২৭ সেপ্টেম্বর সকালে শ্রমিকরা নৌকা নিয়ে বালু উত্তোলনে গেলে অভিযুক্তদের সঙ্গে থাকা আরও কয়েকজন তাদের বাধা দেন। একপর্যায়ে পেশিশক্তি প্রয়োগ করে শ্রমিকদের খালি নৌকা নিয়ে ফিরে যেতে বাধ্য করা হয়।
‎
‎এতে গত ১৫ দিনে তার অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন ইজারাদার। স্থানীয় মুরব্বিদের মাধ্যমে কয়েক দফা বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা নৌকা প্রতি ১ হাজার টাকা না দিলে বালু উত্তোলন করতে দিচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।
‎

অভিযোগের সঙ্গে বালু উত্তোলনে বাধা দেওয়ার ছবি ও ভিডিও সংযুক্ত করেছেন মো. সিদ্দিক মিয়া। তিনি বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছেন।
‎

২৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দেওয়ায় বালু উত্তোলনে বাধা, ১৫ দিনে ৩০ লাখ টাকার ক্ষতির দাবি ইজারাদারের

বিস্তারিত কমেন্টে