
এ কে আজাদ : সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত উপজেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ‘৭১ আমার জাতিসত্তার পরিচয়,এই মূল চেতনাকে সামনে রেখে রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আনন্দ র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নজরুল ইসলাম স্বপন, খসরুল ইসলাম, সাইদুর রহমান, আবু হানিফ, ইকবাল হোসেন চৌধুরী, জিয়াউর রহমান, ইমাম হোসেন, রাসেল হাসান, সাহানুর আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঐক্যবদ্ধভাবে কাজ করবে। গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে আমরা রাজপথে সক্রিয় ভূমিকা রাখব।
পথসভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বীর শহীদদের আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সার্বভৌমত্ব রক্ষায় নবগঠিত কমিটি রাজপথে অগ্রণী ও সক্রিয় ভূমিকা রাখবে। কর্মসূচিতে গোয়াইনঘাট উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।