• ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বিয়ানীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময়

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬
বিয়ানীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময়

নাবেল আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিয়ানীবাজারে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে থানা পুলিশ। আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম। এসআই গোপেশ দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের সহকারী পুলিশ সুপার স্যামুয়েল সাংমা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্যামুয়েল সাংমা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবারের দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। পূজামণ্ডপগুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, পূজা চলাকালে প্রতিটি মণ্ডপে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে পৃথক স্বেচ্ছাসেবী টিম গঠন এবং ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

সভায় বিয়ানীবাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণাভ পাল চৌধুরী মোহন, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বিয়ানীবাজার পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিবেকানন্দ দাস বিবেক, সাধারণ সম্পাদক সুশান্ত পালসহ উপজেলার সার্বজনীন পূজামণ্ডপগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক এবং ব্যক্তিগত পূজামণ্ডপের পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

০৮ অক্টোবর ২০২৬

বিয়ানীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময়

বিস্তারিত কমেন্টে