
আজমিরীগঞ্জ প্রতিনিধি: ২৭ অক্টোবর ২০২৬, রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার লঞ্চঘাট এলাকার শান্তিনগর গ্রামে ইয়াবা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করার পর একটি পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভানোর ব্যবস্থা করে। আটক ব্যক্তিরা হলেন টারজান (২৮), পিতা সুলাল মিয়া এবং ইয়াছিন মিয়া (৩০), পিতা রুস্তুম আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, বদলপুর ইউনিয়ন থেকে একটি মেরা পাঁঠা চুরি করে নিয়ে আসার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। বিভিন্ন এলাকায় চুরির খবর ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, দুই ব্যক্তিকে আটকের পর তাঁরা চুরির বিষয়টি স্বীকার করেন। পরে যে পরিত্যক্ত বাড়িতে তাঁরা মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে, ক্ষুব্ধ এলাকাবাসী ওই বাড়িতে আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার বিশ্বজিৎ রায়, এসআই সনদ, এসআই আদিলসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভানোর ব্যবস্থা করে। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে