
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তদারকি ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো. মজিবুর রহমান, এএসআই মোজাম্মেল হকসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। শুক্রবার (তারিখ) বিয়ানীবাজার থানাধীন ২ নম্বর চারখাই ইউনিয়নের কাকুরা সাকিনস্থ কাকুরা ব্রিজ সংলগ্ন জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় সিলেট-জ-১১-০৮১৯ নম্বরের একটি যাত্রীবাহী বাস থেকে সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করা হয়। আটকরা হলেন—জকিগঞ্জ উপজেলার শেখপাড়া এলাকার মো. আনোয়ার হোসেন (৩৫), পিতা মো. মুতছিল আলী, মাতা রাবেয়া বেগম এবং মোস্তাক হোসেন (৩৪), পিতা খলিলুর রহমান, মাতা পিয়ারা বেগম।
পরে তাদের দেহ তল্লাশি করে আনোয়ার হোসেনের পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা কালো পলিথিনের ভেতর থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তি নিজ হাতে ইয়াবাগুলো বের করে দেয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।