• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

শাল্লায় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের গুজব ও বাস্তবতা

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬
শাল্লায় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের গুজব ও বাস্তবতা

​শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: ​সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের একটি খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত ১৯ নভেম্বর থেকে এ বিষয়ে অনলাইনে নানা ধরনের পোস্ট এবং স্থানীয় সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তবে সরেজমিন অনুসন্ধান ও স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন চিত্র।

​ফেসবুকে প্রচারিত বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, গত ১৯ নভেম্বর শাল্লা কলেজ রোডস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে (সাবেক এমপি ড. জয়াসেন গুপ্তার নির্বাচনী কার্যালয়) একদল লোক লাঠিসোঁটা নিয়ে শোডাউন করে অফিস ভাঙচুর করে। এলাকার বাইরে অবস্থানরত ফেসবুক ব্যবহারকারীদের একটি অংশ এবং এক ব্যক্তি এ নিয়ে অভিযোগ তুলেছেন। ওই ব্যক্তি ফেসবুক পোস্টে শাল্লা উপজেলাকে কেন্দ্র করে দলীয়ভাবে নানা প্রশ্ন তোলার পাশাপাশি ১৯ নভেম্বর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন। একই সঙ্গে তিনি অন্য সাংবাদিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন যে, এমন ঘটনার পরও স্থানীয় সাংবাদিকরা কেন এ বিষয়ে কথা বলছেন না। পাশাপাশি ওই পোস্টে তিনি এলাকায় থাকতে না পারার আক্ষেপ এবং ব্যক্তিগত ও পারিবারিক ভোগান্তির কথাও তুলে ধরেন।

​তবে এই দাবির সত্যতা যাচাইয়ে শাল্লা উপজেলায় কর্মরত সাংবাদিকরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। সরেজমিন তদন্ত ও ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, উক্ত কার্যালয়ে কোনো ধরনের ভাঙচুর বা হামলার চিহ্ন নেই।

​ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত সাধারণ মানুষ এবং কার্যালয় সংলগ্ন বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সেখানে কোনো ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দারা জানান, কার্যালয়টি দীর্ঘদিন ধরেই তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং ১৯ তারিখে সেখানে কোনো ধরনের হামলার ঘটনা তাদের চোখে পড়েনি।

​স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীদের মতে, এলাকার বাইরে থাকা কিছু ব্যক্তি ও গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। সরেজমিন তথ্যানুযায়ী, শাল্লায় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

২৬ নভেম্বর ২০২৬

শাল্লায় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের গুজব ও বাস্তবতা

বিস্তারিত কমেন্টে