
মনোয়ার পারভেজ, কোম্পানীগঞ্জ: সিলেটের কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আদনান সামীকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার টুকেরবাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গনী এ তথ্য নিশ্চিত করেছেন।
আদনান সামী ১ নম্বর ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুল বারীর ছেলে। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল হক রাজু বলেন, আদনান ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং শেখ হাসিনার পক্ষে প্রচার চালাচ্ছিলেন। তাঁকে আটকের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে; মারধর বা নির্যাতন করা হয়নি বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে, আদনানের চাচাতো ভাই লিটন আহমদ তাঁকে ছাত্রলীগে সক্রিয় না থাকার কথা জানিয়ে দাবি করেন, তাঁকে কৌশলে টুকেরবাজারে ডেকে নিয়ে ‘মব’ তৈরি করে নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওসি উছমান গনী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সহায়তায় আদনানকে হেফাজতে নেয়। এলাকায় বিশৃঙ্খলা এড়াতে তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।