
সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীন লালাখাল বিওপির বিশেষ অভিযানে উপজেলার কালিঞ্জি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. কিবরিয়া (২৭)। তিনি জৈন্তাপুর উপজেলার নয়াখেল উত্তর গ্রামের জমির উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কিবরিয়ার অবস্থান শনাক্ত করে লালাখাল বিওপির একটি টহলদল। পরে তাকে আটকের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রায় চার ঘণ্টার অভিযানে টহলদল কৌশলগত অবস্থান নিয়ে নজরদারি চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কালিঞ্জি নামক স্থান থেকে তাকে আটক করতে সক্ষম হয়।
আটকের পর তার দেহ তল্লাশি করে একটি স্মার্টফোন, একটি বাংলাদেশি মোবাইল সিম, একটি ভারতীয় মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র এবং নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়।আটক কিবরিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম, পিবিজিএম জানান, বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ পারাপার ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মানব পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মানব পাচার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।