
গোয়াইনঘাট প্রতিনিধি:সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের বালু মহালের ইজারা সংক্রান্ত বিরোধে মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালু মহালের ওপর ইঞ্জিনচালিত গাড়ি ও নৌযান চলাচল সংক্রান্ত উন্নয়ন ট্যাক্স আদায়ের জন্য ইউনিয়ন পরিষদ গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে টেন্ডার আহ্বান করে। এতে আবেদনকারী ৬১ লাখ টাকা দরপত্র জমা দিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে মনোনীত হন।
তবে অভিযোগ করা হয়, সর্বোচ্চ দরদাতা হওয়া সত্ত্বেও আবেদনকারীর দরপত্র উপেক্ষা করে গোপনে কম দরদাতার নামে ১৪ মে ২০২৬ তারিখে ইজারা প্রদান করা হয়। বিষয়টি আইন ও বিধিবহির্ভূত দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার চাইলেও কোনো সমাধান না পেয়ে তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।
রিট আবেদনের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট রুল জারি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
রিটকারী জানান মহামান্য হাইকোর্ট আদালতের রিট অমান্য করে গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের একটি সিন্ডিকেট নৌ ও স্থলপথে বিভিন্ন পরিবহন হইতে প্রতিদিন হাজার হাজার টাকা উত্তোলন করে আসছে। এদের হাত থেকে বারকি শ্রমিক ও এলাকার ছোট ছোট ট্রাক্টর শ্রমিক ও রেহাই পাচ্ছে না। ফলে যে কোন সময় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে।
এ অবস্থায় হাইকোর্টের আদেশ যথাযথভাবে বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন আবেদনকারী।