
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কামালপুর নৌকাঘাট এলাকায় মৎস্যজীবী সম্প্রদায়ের মাঝে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌকায় বসেই এক ব্যতিক্রমী সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে উপজেলা সমন্বয়কারী সম্পা রাণী দেব উপস্থিত থেকে গ্রাম আদালতের বিচারিক সেবা, কার্যক্রম ও সুবিধাসমূহ সম্পর্কে মৎস্যজীবীদের বিস্তারিত ধারণা প্রদান করেন। তিনি গ্রাম আদালতের নির্দেশিকাসংবলিত লিফলেট বিতরণ করেন এবং উপস্থিতদের উদ্দেশে বলেন, “অল্প সময়ে, স্বল্প খরচে ও সহজ প্রক্রিয়ায় সঠিক বিচার পেতে চলুন গ্রাম আদালতে।”
এ সময় তিনি নৌকায় অবস্থানরত মৎস্যজীবীদের কাছে গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ দ্রুত, সহজ ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি গ্রাম আদালতের সেবা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রচারে সহযোগিতা করার আহ্বান জানান।
নদীপথে কর্মরত মৎস্যজীবীদের কাছে সরাসরি পৌঁছে এমন ব্যতিক্রমী আয়োজন করায় উপস্থিতরা উদ্যোগটিকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। তারা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষ সহজেই গ্রাম আদালতের সেবা ও সুবিধা সম্পর্কে জানতে পারবে এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে আদালত ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি পাবে।