
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় উপজেলা রেস্ট হাউস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। উদ্বোধনের পর উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা বিভিন্ন স্থানে জন্ম নেওয়া আগাছা পরিষ্কার এবং ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে অভিযানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।