
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে আগামী ২৯ জুলাই ২০২৬ (বুধবার) কুলাউড়ার ডাক বাংলা মাঠে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের প্রকাশিত আমন্ত্রণপত্রে জানানো হয়, বিকেল ৩টায় শুরু হওয়া এ পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, সাবেক উপদেষ্টা ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান, সদস্য সচিব রুহুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার এম সাখাওয়াত আলী এবং এনসিপি সমর্থিত কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আবু রকিব খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক মো. ফারুক উদ্দিন আহমদ। এদিকে, কুলাউড়া উপজেলা এনসিপির সদস্য সচিব মাহবুব জামান শিহাব স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।