
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, অনলাইন জুয়া নিয়ন্ত্রণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বিভিন্ন মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়।
আলোচনায় অংশ নেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. আব্দুল বাতেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির হাবিবুর রহমান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান তালুকদার, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক আফিন্দী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপসহ কমিটির সদস্যরা।
সভায় বক্তারা বলেন, বর্তমানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। তবে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ভুয়া ফেসবুক আইডি, সাইবার প্রতারণা ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন সড়কের বেহাল অবস্থা, যান চলাচলের দুর্ভোগ এবং অন্যান্য জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাও সভায় তুলে ধরা হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, মাদক, চোরাচালান, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জামালগঞ্জ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রশাসন, গণমাধ্যম ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই উপজেলার উন্নয়ন ও সামাজিক সচেতনতা আরও গতিশীল করা সম্ভব। সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশনা দেওয়া হয়।