• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

গোয়াইনঘাটের পিয়াইন নদীর ওপর বাদেবাসায় স্থায়ী সেতুর দাবী শিক্ষার্থীসহ এলাকাবাসীর

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ৪, ২০২৬
গোয়াইনঘাটের পিয়াইন নদীর ওপর  বাদেবাসায় স্থায়ী সেতুর দাবী শিক্ষার্থীসহ এলাকাবাসীর

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের ওসমানী বাজারসংলগ্ন পিয়াইন নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন বাদেবাসা উত্তরপাড়, কুলুমছড়া, মরকিটিলা ও আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ। স্বাধীনতার পর থেকে নানা সময়ে প্রতিশ্রুতি মিললেও আজও বাস্তবায়ন হয়নি সেতু নির্মাণের উদ্যোগ। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে নদী পারাপার করতে হচ্ছে স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদে বিভিন্ন সরকারি-বেসরকারি কাজ, চিকিৎসাসেবা গ্রহণ, ব্যবসা-বাণিজ্য এবং নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার জন্য প্রতিদিন ওসমানী বাজারসংলগ্ন পিয়াইন নদী পার হতে হয় এলাকাবাসীকে। কিন্তু নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় তাদের নির্ভর করতে হচ্ছে খেয়া নৌকা কিংবা মৌসুমি বাঁশের সাঁকোর ওপর।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। এলাকায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা কলেজ না থাকায় বাদেবাসা উত্তরপাড়, কুলুমছড়া, মরকিটিলা ও আশপাশের গ্রামের অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন কুপার বাজার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পিয়াইন নদী পার হয়। বর্ষা মৌসুমে ছোট খেয়া নৌকাই তাদের একমাত্র ভরসা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।

স্থানীয়রা জানান, শুকনো মৌসুমে নিজেদের উদ্যোগ ও অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হলেও বর্ষা এলেই পানির তোড়ে সেটি ভেসে যায় অথবা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তখন নৌকা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা থাকে না। এতে জরুরি প্রয়োজনে রোগী, বৃদ্ধ, নারী ও শিশুদের দুর্ভোগ আরও বেড়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের দাবি জানানো হলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি। নির্বাচনের সময় আশ্বাস মিললেও পরে আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে উন্নয়নের মূলধারা থেকে বঞ্চিত রয়েছেন কয়েক হাজার মানুষ।

বাদেবাসা উত্তরপাড়ের একাধিক বাসিন্দা বলেন, পিয়াইন নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মিত হলে শুধু যাতায়াত সহজ হবে না, শিক্ষা, চিকিৎসা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চলাচলের দুর্ভোগও দূর হবে। এলাকাবাসীর দাবি, ওসমানী বাজারসংলগ্ন পিয়াইন নদীর ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে প্রকল্প গ্রহণ করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক। তাদের মতে, সেতুটি নির্মিত হলে বাদেবাসা উত্তরপাড়, কুলুমছড়া, মরকিটিলা ও আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে।

০৪ আগস্ট ২০২৬

গোয়াইনঘাটের পিয়াইন নদীর ওপর বাদেবাসায় স্থায়ী সেতুর দাবী শিক্ষার্থীসহ এলাকাবাসীর

বিস্তারিত কমেন্টে