
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, ফলে আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যদিও এটি ধীরে ধীরে দুর্বল হতে পারে, তবে মৌসুমি বায়ুর প্রবল সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার সিলেটসহ দেশের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। আগামী বুধবার (১৯ আগস্ট) এবং বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেট বিভাগের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুই দিন অর্থাৎ ২১ ও ২২ আগস্ট বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিন সিলেট বিভাগ এবং এর উজান এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে পাহাড়ি ঢল নেমে সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। যদিও বর্তমানে নদ-নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে, তবুও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
এদিকে, সিলেট অঞ্চলের ফেঞ্চুগঞ্জ ও মারকুলিসহ কয়েকটি পয়েন্টে নদীর পানি সতর্কসীমার কাছাকাছি অবস্থান করছে বলে জানা গেছে। টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে স্বল্প সময়ের মধ্যেই এসব এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিলেট বিভাগের নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে পাহাড়ি ঢলপ্রবণ এলাকাগুলোতে বসবাসকারী মানুষকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।