
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে প্রায় এক মাস ধরে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার পুলিশ সিন্দুরখান রোডে অবস্থিত জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মিরাজ শ্রীমঙ্গল উপজেলার সুনগইড় গ্রামের রফিক মিয়া ও সফিনা বেগমের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি প্রায় এক মাস ধরে ওই শিক্ষকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে বিভিন্নভাবে মারধর করা হতো বলেও অভিযোগ রয়েছে। দীর্ঘদিনের নির্যাতনে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযোগ অনুযায়ী, রোববার সকালে শিক্ষকের কথামতো চলতে অস্বীকৃতি জানালে শিশুটিকে মারধর করা হয়। পরে তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। বিষয়টি জানতে পেরে শিশুটির অভিভাবক শ্রীমঙ্গল থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।
পুলিশ জানায়, আটক শিক্ষককে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানা পুলিশ আরও জানায়, শিশুটির শরীরে নির্যাতনের আলামত পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু তদন্তে এসআই হাবিবুর রহমানকে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার নম্বর ৩৩। ঘটনার বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।পুলিশ জানিয়েছে, শিশুটির চিকিৎসা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।