
এ কে আজাদ, স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত গোয়াইনঘাট বাজার ও পরগণা বাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাকারিয়া হোসেন। গোয়াইনঘাট থানা-পুলিশ অভিযানে সার্বিক সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার প্রথমে গোয়াইনঘাট বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের স্লটার হাউস এবং ভেটেরিনারি ওষুধের দোকানগুলো পরিদর্শন করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কি না, পণ্যের মান ও সংরক্ষণব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হয়।
এরপর দুপুরের পর উপজেলার পরগণা বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আটটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডি নৌযান ডুবিয়ে দেওয়া হয়। এতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাটের বিভিন্ন নদী ও বালুমহাল এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও তীরবর্তী এলাকার পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি জনসাধারণের স্বার্থও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করে ভোক্তা অধিকার ক্ষুণ্ন কিংবা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।