
ছাতক প্রতিনিধি: ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘটিত সংঘর্ষের সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হেনস্তার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর সভাপতি ও ছাতক উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোশাহিদ আলী,সাংবাদিক এ আর সায়েম,লোকমান হোসেন শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার শিকার হন।
এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ। এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও ঘটনার সত্যতা তুলে ধরতে গিয়ে সংবাদকর্মীরা কোনো ধরনের হুমকি, হয়রানি বা বাধার শিকার হবেন—তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মূলত নিজেদের অপরাধ ও অপকর্ম ঢাকতেই স্বাধীন ও পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ওপর এই বাঁধা সৃষ্টি করা হয়েছে, যা মুক্ত সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য সরাসরি হুমকি।
বিবৃতিতে নেতৃবৃন্দ স্পষ্ট বার্তা দিয়ে বলেন, সাংবাদিক মোশাহিদ আলীসহ পেশাগত দায়িত্ব পালনরত সংবাদকর্মীদের হেনস্তার সাথে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় ছাতকসহ সমগ্র সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।
একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে এবং সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে আশু পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।