
বিয়নীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কানলী গ্রামের কৃতী সন্তান রিজভী ইসলাম নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (NYPD) চাকরি পেয়েছেন। তিনি পুলিশ বিভাগের ট্রাফিক সেক্টরে দায়িত্ব পালন করবেন। তার এ সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
রিজভী ইসলাম কানলী গ্রামের শাহিনুল ইসলামের (দুলাল) ছেলে। ২০২৪ সালে তিনি স্বপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে নিজের অধ্যবসায়, পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে যোগদানের সুযোগ অর্জন করেন।
রিজভীর চাচা সাইদুল ইসলাম সেলিম জানান, নিউইয়র্কে যাওয়ার পর থেকেই তিনি নিজের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যান। অবশেষে NYPD-এর ট্রাফিক সেক্টরে চাকরি পাওয়ার মাধ্যমে তার সেই প্রচেষ্টা সফলতার মুখ দেখে। বিয়ানীবাজারের একজন তরুণ হিসেবে রিজভীর এ সাফল্য নিঃসন্দেহে গর্বের বিষয়। তার এই অর্জন প্রবাসে থাকা এবং দেশের তরুণদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
রিজভী ইসলাম ভবিষ্যতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে পরিবার, নিজ এলাকা এবং দেশের সুনাম অক্ষুণ্ন রাখবেন—এমন প্রত্যাশা তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।